Don't Miss
Home / হোম স্লাইডার / সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন,৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন

সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন,৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন

সংসদ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে ত্রুটির ঘটনায় তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই ত্রুটি কোনো অন্তর্ঘাতমূলক (সাবোটাজ) ঘটনা ছিল কি না, তা খতিয়ে দেখে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে করণীয় সম্পর্কেও সুপারিশ দেবে কমিটি।

শনিবার অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই শব্দযন্ত্রের সমস্যার কারণে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে হয়। পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় এক সদস্য।

চিফ হুইপ জানান, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ঘটনাটিতে কোনো ধরনের অন্তর্ঘাত থাকতে পারে। এ কারণে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নিরূপণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে—প্রথমত, এটি কোনো নাশকতার ঘটনা কি না; দ্বিতীয়ত, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণ এবং তার সমাধান কী হতে পারে।

হেডফোন নিয়ে ব্যাপক অভিযোগের কথাও স্বীকার করেন চিফ হুইপ। তিনি বলেন, বর্তমান হেডফোন ব্যবহার করতে গিয়ে অনেকেরই অস্বস্তি হচ্ছে, এমনকি তাঁর নিজেরও। তাই হেডফোন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিয়েও আলোচনা হয়। চিফ হুইপ জানান, প্রায় সব সংসদ সদস্যের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও হুইপদের জন্য পৃথক বাসভবনের ব্যবস্থা রয়েছে। অন্য সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলো প্রস্তুত করতে প্রয়োজনীয় সামগ্রী দ্রুত ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।

এছাড়া আগামী ৩০ মার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...