সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ
Posted by: News Desk
March 12, 2018
এমএনএ রিপোর্ট : চার দিনের সফরে গিয়ে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের দ্বিতীয় দিন আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) সিঙ্গাপুরের রাষ্ট্রপতির কার্যালয় ‘ইস্তানা’য় হালিমা ইয়াকুব ও শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ‘ইস্তানা’য় পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় ৷
এরপর ‘ইস্তানা’র ওয়েস্ট ড্রয়িং রুমে দুই নেতার সাক্ষাতে বসেন। কুশল বিনিময়ের পাশাপাশি এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন তারা। এখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানা গেছে।
এরপর, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানিক এই বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও সহযোগিতামূলক বেশ ক’টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় গতকাল রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।
এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এছাড়াও তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, কূটনৈতিক কোরের ডিন এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দুটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
আগামী ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সাক্ষাৎ শেখ হাসিনার সঙ্গে 2018-03-12