Don't Miss
Home / আজকের সংবাদ / সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ নামে বাংলাদেশি যুবক নিহত

সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ নামে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদসহ তিন যুবক সীমান্ত অতিক্রম করে আনুমানিক এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেন। এ সময় খাসিয়াদের সুপারি বাগানে তাদের উপস্থিতি টের পেয়ে চোর সন্দেহে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতসহ তিনজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন এবং তাদের বিরুদ্ধে পূর্বে চোরাচালানের মালামাল বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চলতি মাসে সীমান্তে প্রাণহানি
চলতি মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্তবর্তী জনগোষ্ঠীর গুলিতে এ নিয়ে অন্তত ৩ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং উত্তেজনাকর পরিস্থিতির কারণে এসব ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...