Don't Miss
Home / আজকের সংবাদ / হামলা-মামলায় দমিয়ে রাখা যাবে না : খালেদা জিয়া

হামলা-মামলায় দমিয়ে রাখা যাবে না : খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপিকে হামলা করে মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমাদের সম্পর্ক মাটি ও মানুষের সঙ্গে।
আদালত থেকে ফেরার সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের সঙ্গে তার দলের নেতাকর্মীরা জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়া বলেন, দেশের ক্রান্তিকাল চলছে। আমরা এখানে সভা করতে চাইনি। কিন্তু কেন সভা করতে দেয়া হলো না। বিএনপি সবচেয়ে বড়দল। তারপরও বলবেন দেশে গণতন্ত্র আছে।
তিনি বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কালাকানুন করা হচ্ছে। সাংবাদিকরা সত্য কথা বলে। সেইকথাগুলো যখন মানুষ শুনে তখন জনগণের অধিকার হরণ করতে নতুন আইন করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, জোর জবরদস্তি করে স্বার্থ আদায় হবে, কিন্তু ভোট পাওয়া যাবে না। তারা (আওয়ামী লীগ) বলে বেড়াচ্ছেন, ডিসেম্বরে নাকি নির্বাচন হবে। তারা প্রচারণায়ও নেমেছে। নৌকায় কি এতোই পচন লেগেছে, যে এতো আগে প্রচারণা শুরু করতে হবে? নৌকা এমন ডোবা ডুবছে যে তোলার জন্য এত আগে ভোট চাইতে হচ্ছে, হাত তুলে ওয়াদা করাতে হচ্ছে।
তিনি বলেন, আবার আগের মতো গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির তৈরা করা হচ্ছে। বাড়িবাড়ি গিয়ে ধরে নেয়া হচ্ছে নেতাকর্মীদের। তারা জানে বিএনপির সম্পর্ক জনগণের সঙ্গে। তাই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারলে সুবিধা।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও ভাঙচুর করেনি। তবু তাদের নামে মামলা দেওয়া হয়েছে। ঘরে ঘরে গিয়ে আটক করা হচ্ছে।
খালেদা জিয়া বলেন, সর্বোচ্চ আদালত বলছে নিম্ন আদালত সরকারের কব্জায়। পত্রিকায় যা দেখছি তাতে বোঝা যাচ্ছে সঠিক রায় দেয়ার সুযোগ নেই। সঠিক রায় দিলে কী পরিণতি হয় তা তো দেখেছেন। তারেক রহমানের রায় দেয়ার পর বিচারককে দেশ ছাড়তে হয়েছে। অপরাধ নেই। সেখানে কিসের বিচার হবে। কিন্তু তারা জোর করে বিচার করতে চায়।
বিএনপি নেত্রী বলেন, সংসদ বহল রেখে নির্বাচন করতে চায়। এটা কোনো দেশে নেই। নিজস্ব দলীয় লোকদের প্রশাসনে বসানো হচ্ছে। তারা মনে করে নির্বাচনী বৈতরণী পার করতে সহযোগিতা করবে। কিন্তু তারা যদি একটু নিরপেক্ষ ভুমিকা পালন করার তাহলে কারো কোনো কথা শুনবে না। কারণ তারা এদেশের নাগরিক। প্রশাসনকে দলীয়করণ করে ধ্বংস করে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে উঠিয়ে দেয়া হলো। কিন্তু এটা তো আমাদের দাবি ছিল না। আওয়ামী লীগ ও জামাতের দাবি ছিল। তারা ১৭৩ দিন হরতাল করেছিল। চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছিল।
পুলিশও চায় নিরপেক্ষ গণতন্ত্র থাকুক। কিন্তু তাদের প্রতি নির্দেশ দেয়া। নির্দেশ পালন না করলে পরিণতি ভালো হবে না।
বিএনপির সঙ্গে জনগণ, পুলিশ, সশ্বস্ত্র বাহিনী আছে। যারা বাইরে আছে তারাও আমাদের সঙ্গে আছে। তাই বিএনপির কোনো ভয় নেই। ভয় আছে আওয়ামী লীগ।
দুর্নীতি মামলায় দুদকের আইনজীবীর কথা তুলে ধরে তিনি বলেন, আজকের পিপিকে মঈন উদ্দিন-ফখরুদ্দিনের সময়েও দেখেছি। এখনো আছে। তাকে দোষ দিব না। হয়তো তাকেও বাধ্য হয়ে এমনভাবে কথা বলতে বা স্বর উচ্চারণ করতে হয় যাতে যারা শোনার তারা যেন বুঝে নির্দেশ কোথা থেকে আসছে। সে কারণে হয়তো নিজে একটু জোরোসোরে কথা বলে নিজের পজিশন ঠিক রাখে।
তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। জনগণকে ন্যায্যমূল্যে কিছু দেয়ার কথা সরকার ভাবে না।
আজ শনিবার বেলা সোয়া ১১টায় বিমানবন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা শুরু হয়েছে।
এতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। এ রায়কে সামনে রেখে নেতা-কর্মীদের আটক ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই নির্বাহী কমিটির সভা করছে বিএনপি।
দলের একটি সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি রায়ের আগে সংক্ষিপ্ত সফরে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যেতে পারেন খালেদা জিয়া।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...