Don't Miss
Home / আজকের সংবাদ / বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে কমিটি পুনর্গঠন, আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব

বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে কমিটি পুনর্গঠন, আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব

এমএনএ প্রতিবেদক

‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত ১০ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। কমিটির সদস্যরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব; অর্থসচিব; আইন ও বিচার বিভাগের সচিব; মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব; স্বাস্থ্যসেবা বিভাগের সচিব; ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি তিনটি পৃথক কমিশন ও কমিটির দাখিল করা প্রতিবেদনসমূহের বেতন-সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় বিষয়ে সরকারের জন্য সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

কমিটির কার্যক্রম পরিচালনায় অর্থ বিভাগ সচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সরকারি কর্মচারী, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশগুলোকে সমন্বিতভাবে যাচাই করে কার্যকর সিদ্ধান্ত নিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

x

Check Also

জ্বালানি সংকট ও বৈশাখে বিক্রি ধস, কোরবানির ঈদ ঘিরে সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

অর্থনৈতিক প্রতিবেদক মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আরোপিত সময়সীমা এবারের পহেলা ...