সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জোহরের নামাজ আদায়ের জন্য ২০ মিনিটের বিরতি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি এ ঘোষণা দেন। এ সময় কারিগরি ত্রুটির কারণে সংসদের মাইক কাজ না করায় স্পিকার হ্যান্ড মাইক ব্যবহার করে বিরতির ঘোষণা দেন।
এর আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশনে প্রায় আধা ঘণ্টার বিরতি দেওয়া হয়। ওই সময় রাষ্ট্রপতি সংসদ ভবনে তাঁর কার্যালয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান। পরে বেলা ১২টা ৫৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন কক্ষে এসে তাঁর আসনে বসেন।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে স্পিকারের মাইকে শব্দ হচ্ছিল না। ফলে অধিবেশন শুরু করতে কিছুটা বিলম্ব হয়। প্রায় তিন মিনিট পর একটি হ্যান্ড মাইকে বক্তব্য দেওয়া শুরু করেন স্পিকার। এ সময় কয়েকজন সংসদ সদস্য দাঁড়িয়ে জানান, তারা স্পিকারের বক্তব্য ঠিকমতো শুনতে পাচ্ছেন না। তখন স্পিকার যান্ত্রিক সমস্যার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এরই মধ্যে সংসদ ভবনের আশপাশে জোহরের আজান শুরু হলে স্পিকার নামাজ আদায়ের জন্য ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর সময় স্পিকারের আসনটি ফাঁকা রাখা হয়েছিল।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং তাদের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে আসেননি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ পরিস্থিতিতে স্পিকারের আসন ফাঁকা রেখেই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
