Don't Miss
Home / আজকের সংবাদ / ২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ১৩ লাখ টাকা

২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ১৩ লাখ টাকা

খেলাধুলা প্রতিবেদক

২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের প্রথম সাধারণ বিক্রিতে ফাইনালের টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার (প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা) পর্যন্ত পৌঁছেছে। এটি শুধুমাত্র বক্স অফিসের দাম বিবেচনা করলে ইতিহাসে সর্বোচ্চ।

আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও ম্যাক্সিকো পূর্বে জানিয়েছিল ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম হবে ১,৫৫০ ডলার (প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা)।

গত ডিসেম্বরে সমর্থকগোষ্ঠীর জন্য প্রি-সেল চালু হওয়ার সময়, ফাইনালের সর্বোচ্চ দাম ছিল ৮,৬৮০ ডলার (প্রায় ১০ লাখ ৬২ হাজার টাকা)। এবারের সাধারণ বিক্রিতে সেই দাম আরও বেড়ে যায়। তুলনামূলকভাবে, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ গ্যালারি টিকিটের দাম ছিল ১,৬০৪ ডলার (প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা)।

ফিফা টিকিট বিক্রির সময় কখনো পূর্ণাঙ্গ মূল্য তালিকা প্রকাশ করে না। তারা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি অনুসরণ করে, যেখানে চাহিদার ভিত্তিতে দাম পরিবর্তিত হয়।

গত বছরের শেষ দিকে অনেক ফুটবলপ্রেমী এই উচ্ছৃঙ্খল দামকে ‘চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন। ডিসেম্বরে ফিফা মাত্র ৬০ ডলারের কিছু সস্তা টিকিট ঘোষণা করেছিল। কিন্তু বুধবার প্রথমবারের মতো সাধারণ বিক্রি শুরু হওয়ার পর দাম আরও বেড়ে ওঠে।

ফাইনালের প্রথম ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১০,৯৯০ ডলার। দ্বিতীয় ক্যাটাগরিতে ৫,৫৭৫ ডলার থেকে বেড়ে ৭,৩৮০ ডলার (প্রায় ৯ লাখ টাকা); তৃতীয় ক্যাটাগরির টিকেটের দাম ৪,১৮৫ ডলার থেকে বেড়ে ৫,৭৮৫ ডলার (প্রায় ৭ লাখ টাকা) করা হয়েছে।

এটি গত ডিসেম্বরে প্রকাশিত মূল দামের তুলনায় প্রায় ৩৮% বৃদ্ধি।

ফিফার রিসেল প্ল্যাটফর্মে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের জন্য ৮২,৭৮০ ডলার (প্রায় ১ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা) চাওয়া হচ্ছে। সর্বনিম্ন টিকিটও ২৭,০০০ ডলার (প্রায় ৩৩ লাখ টাকা) দামে তালিকাভুক্ত।

উদাহরণস্বরূপ, ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচের ৬০ ডলারের টিকিটের চাওয়া দাম ১,৪৯৯ ডলার, আর ৪৪৫ ডলারের টিকিটের চাওয়া দাম ৬,০০০ ডলার। ফিফা এই মূল্যের ওপর ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকে ১৫% ফি ধার্য করছে।

বিবিসি জানায়, ওয়েবসাইটে প্রবেশ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং প্রযুক্তিগত জটিলতার কারণে বহু সমর্থক টিকিট পাওয়ার সুযোগ হারান। প্রাথমিকভাবে অনেকেই ভুলে ‘পিএমএ টিকিট’ দেওয়া হয়, যা প্লে-অফ জয়ী দলের সমর্থকদের জন্য সংরক্ষিত।

গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ৩৫টির টিকিট দেখানো হচ্ছে। ইংল্যান্ড বা স্কটল্যান্ডের কোনো ম্যাচ বা নকআউট পর্বের টিকিট তখন উপলব্ধ ছিল না। সাধারণ প্রদর্শিত টিকিটের দাম ১৪০ ডলার থেকে ২,৯৮৫ ডলার পর্যন্ত, গড় মূল্য ৩৫৮ ডলার।

করপোরেট হসপিটালিটি প্যাকেজে একটি বিলাসবহুল স্যুইটের খরচ প্রতি জন ৫,২০০ ডলার, যা ২৪টি টিকিট, খাবার ও পানীয় অন্তর্ভুক্ত।

ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতা থমাস কনকানন বলেছেন, “ফিফার টিকিট বিক্রির প্রক্রিয়া যেন এক রহস্য। সমর্থকেরা ঠিক জানে না তারা কী করবে। কিছু ম্যাচ দেখতেই অনেকের খরচ কয়েক হাজার থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।”

ফিফা এখনও কিক-অফের আগে যেকোনো সময় নতুন টিকিট ছাড়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...