Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হরমুজ প্রণালিতে আবারো আটকা এমভি বাংলার জয়যাত্রা, ফিরে যাওয়ার নির্দেশ

হরমুজ প্রণালিতে আবারো আটকা এমভি বাংলার জয়যাত্রা, ফিরে যাওয়ার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। কিন্তু কয়েক ঘণ্টা এগোনোর পর ইরানের বাহিনী বেতারবার্তার মাধ্যমে জাহাজটিকে আবার পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে জাহাজটি পুনরায় নিরাপদ আশ্রয়ের দিকে ফিরে যাচ্ছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাত পৌনে একটার দিকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানান, প্রণালি খুলে দেওয়ার ঘোষণা পাওয়ার পরই তারা যাত্রা শুরু করেছিলেন। তবে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় ইরানের নির্দেশ অনুযায়ী জাহাজটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

এর আগে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোর তিনটার মধ্যে প্রণালি পার হওয়ার সম্ভাবনা ছিল।

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে প্রণালি উন্মুক্ত ঘোষণার পর পারস্য উপসাগরে অবস্থানরত বহু জাহাজ হরমুজের দিকে রওনা দেয়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, শতাধিক জাহাজ আবার দিক পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে যাচ্ছে, যার মধ্যে বাংলার জয়যাত্রাও রয়েছে।

বিএসসির এই জাহাজটি গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছে এবং বিভিন্ন বন্দরের মধ্যে পণ্য পরিবহন করছিল। ১১ মার্চ একবার জাহাজটি দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

পরবর্তীতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়ার কথা। যুদ্ধবিরতির পর আবারও অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। ফলে জাহাজটি হরমুজের নিকটবর্তী এলাকায় অপেক্ষা করছিল। তৃতীয়বারের মতো প্রণালি পার হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হলো জাহাজটি।

x

Check Also

বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইএমএফ: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংস্থাটির সঙ্গে ...