আদালত প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এতে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
আইনজীবী এ কে এম আজিজুল হক খান জানান, এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তি বিশেষকে হেয় করার শামিল নয়, বরং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি আইনগতভাবে ব্যাখ্যা চাওয়া জরুরি হয়ে পড়েছে।
নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, মানহানির অভিযোগে লিগ্যাল নোটিশ সাধারণত আদালতে মামলা দায়েরের পূর্ববর্তী একটি আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে এমন নোটিশ পাঠানো হয়। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে দেওয়ানি বা ফৌজদারি আইনের আওতায় মামলা করা হতে পারে।
নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে—অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নোটিশ পাওয়ার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

