Don't Miss
Home / আজকের সংবাদ / অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে অস্বস্তিতে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে অস্বস্তিতে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০০ প্লাস রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্বস্তিতে রয়েছে টাইগারেরা। যদিও ইনিংসের শুরুতেই মোস্তাফিজুর রহমান আঘাত হানলে হাসি চওড়া হয় টাইগারদের মুখে। কিন্তু সেই হাসিমাখা মুখ ক্রমেই মলিন করে তুলছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। প্রথমবারের মতো আক্রমণে এসেই স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তাইজুল ইসলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ‌২ উইকেটে ১১১ রান। পিটার হ্যান্ডসকম্ব ১৮ বলে ৫ এবং ডেভিড ওয়ার্নার ৮৫ বলে ৪২ রান নিয়ে ব্যাট করছেন। ৫৮ রানের দারুণ ইনিংস খেলে আউট হন স্মিথ। ম্যাট রেনশ আউট হয়েছেন ৪ রান করে।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৬০ রান করেও অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল বাংলাদেশ। বোলারদের দৃঢ়তায় দুর্দান্ত জয় পায় টাইগাররা। চট্টগ্রাম টেস্টে সেই তুলনায় সংগ্রহটা বেড়েছে মুশফিকদের। প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৩০৫ রান করে বাংলাদেশ।

আজ মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতির আগে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমানের করা ব্যক্তিগত প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাট রেনশ।

শুরুতেই উইকেটের দেখা পেলেও অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলতে পারেনি বাংলাদেশ। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ক্রমেই জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

আজ মঙ্গলবার ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই মুশফিকুর রহিম ফিরে গেলে নাসির হোসেন ও মেহেদী হাসান মিরাজ ছোট অথচ কার্যকরী জুটি গড়ে দলের সংগ্রহ ৩০০ পার করেন। আগের দিনের সঙ্গে আরো চার রান যোগ করে ব্যক্তিগত ৬৬ রানে আউট হন মুশফিক। ১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নাসির আউট হন ৪৫ রান করে।

আগের দিন সাব্বির আউট হয়েছেন ৬৬ রান করে; টেস্টে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সৌম্য সরকার ৩৩, মুমিনুল হক ৩১ এবং সাকিব করেন ২৪ রান। তামিম ইকবাল ৯ এবং ইমরুল কায়েস ৪ রান করে আউট হন।

ইতিহাসের প্রথম বোলার হিসেবে কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলা নাথান লায়ন যথারীতি অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকের নায়ক। ৯৪ রানের বিনিময়ে ৭ উইকেট নেন এই অজি স্পিনার। এই নিয়ে টানা তিন টেস্টে ৫ উইকেটের দেখা পেলেন লায়ন। অ্যাস্টন অ্যাগার নেন দুটি উইকেট।

মিরপুর টেস্টে নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে বাংলাদেশ। সঙ্গত কারণেই চট্টগ্রামে মানসিকভাবে এগিয়ে রয়েছে টাইগাররা। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য এটি সিরিজ হার এড়ানোর পাশাপাশি হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস : ১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০* (কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...