Don't Miss
Home / হোম স্লাইডার / এবার ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড

এবার ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড

এমএনএ জেলা প্রতিনিধি : এবার ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি টের পান। এ বিষয়ে আজ সকাল সাড়ে ৮টায় পুলিশ সুপার বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ফেসবুকে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি সকাল সাড়ে ৮টার দিকে সদর থানায় একটি জিডি করেন। জিডি নম্বর- ৯৯৩।

তিনি আরও জানান, কেউ বা কারা তার আইডি হ্যাক করেছে এখন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত শুক্রবার ভোলার রোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র বৈদ্য নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। বিপ্লব ওই দিনই থানায় গিয়ে তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে বিপ্লবের ফাঁসি চেয়ে ‘তৌহিদী জনতা’র ব্যানারে গত রবিবার সমাবেশ ডাকা হয়। বিপ্লবের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর তাদের সমাবেশ না করার জন্য বলে পুলিশ।

ওই সময় পুলিশের অনুরোধে রাজি হলেও গত রবিবার সকালে একদল লোক সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করে। সমাবেশের বিষয়ে মাইকিংও করে তারা। সমাবেশের অনুমতি না মিললেও সকাল নয়টা থেকে লোকজন জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান নিতে শুরু করেন সমাবেশে আগতরা। এ সময় পুলিশের ওপর হামলার এক পর্যায়ে সংঘর্ষ ও গুলিতে চারজন নিহত ও পুলিশসহ শতাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে ‘দুজনের মাথা ভোঁতা অস্ত্র দিয়ে থেঁতলানো ছিল’ বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

এ ঘটনার পর স্থানীয় ‘মুসলিম ঐক্য পরিষদ’ ভোলার পুলিশ সুপারের অপসারণসহ ছয় দফা দাবি জানালে তাদের সবব দাবি মেনে নেওয়া হয়। ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় বোরহানউদ্দিন থানায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে গত রবিবার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও দায়ের করেন। ওই মামলায় বিপ্লব চন্দ্র বৈদ্যসহ তিনজনকে করাগারে পাঠানো হয়েছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...