এমএনএ বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ -এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজ ২৭ জুলাই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পর্দা উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেসরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানান। বাংলাদেশে নারী উন্নয়নের লক্ষ্যে এরকম পদক্ষেপ গ্রহণের জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ১৮ থেকে ২৭ বছর বয়সী তরুণীদের দেশেই দিতে হবে পরীক্ষা। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সৌন্দর্য আর বুদ্ধিমত্তার প্রমাণে সেরার মুকুট পেলে তবেই মিলবে চূড়ান্ত প্রতিযোগিতার প্রবেশপত্র।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নামক এই প্রতিযোগিতার আয়োজক ‘অন্তর শোবিজ’ ও ‘ওমিকন এন্টারটেইনমেন্ট’ এর আয়োজনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য অবশ্যই প্রাসঙ্গিক। মেধা, উৎকর্ষতা, মনন, পোশাকে দেশের নারী বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করবে। এতে কোনো অসুবিধা নাই। তারা দেশের ঐতিহ্য, নারীর
অগ্রযাত্রার কথা তুলে ধরবে।
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অন্যান্য দেশের প্রতিযোগীদের চেয়ে বাংলাদেশের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই বলেও মন্তব্য করেন ইনু।
অনুষ্ঠানে উপস্থিত আয়োজকদের মধ্যে ওমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বাংলাদেশে নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই আয়োজন বলে তিনি জানান। নিজের সুপ্ত প্রতিভাকে উন্মোচিত করার মাধ্যমেই প্রকৃত সত্তাকে প্রমান করার একটি প্ল্যাটফর্ম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
অন্তর শো-বিজ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী শুধু দেশেই নয়, বরং আন্তর্জাতিক মন্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এই আয়োজন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আসরে বাংলাদেশের ঐতিহ্য ও নারীদের অগ্রযাত্রার গল্প তুলে ধরতে তারা যৌথভাবে বাঙালি প্রতিনিধি নির্বাচনে কাজ করছেন। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রতি পর্বে দেশীয় পোশাককে প্রাধান্য দেওয়া হবে।
স্বপন চৌধুরী জানান, চলতি বছরের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৬তম আসরটি অনুষ্ঠিত হবে। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড নিয়ে তুমুল সমালোচনার মুখে ২০১৫ সালে কর্তৃপক্ষ এই রাউন্ড বাতিল করে সিদ্ধান্ত নেয়, প্রতিযোগীরা নিজ নিজ দেশের পোশাক পরেই প্রতিযোগিতায় অংশ নেবেন। তখন থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠাতে শুরু করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীদের নিবন্ধন করতে হবে www.missworldbangladesh.com ঠিকানায়। ১৮ থেকে ২৭ বছরের নারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রবাসীবাংলাদেশি নারীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বের নিবন্ধন। প্রতিযোগিতার পরবর্তী পর্ব অডিশন ও টিভি রাউন্ড শুরু হবে ১ সেপ্টেম্বর এবং পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে চূড়ান্ত গালা রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর।
বাংলাদেশের এই প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে দেশ-বিদেশের বিচারকরা বিচারকার্য পরিচালনা করবেন।প্রতি পর্বে প্যানেল বিচারকদের পাশাপাশি একজন ‘বিশেষ’ বিচারক থাকবেন বলেও জানানো হয়। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ১ সেপ্টেম্বর থেকে টেলিভিশনে প্রচার করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান। ভিডিও কলিংয়ের মাধ্যমে বক্তব্য দেন ওমিকনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. একরামুল হক।
উল্লেখ্য, ১৯৫১ সালে যুক্তরাজ্যের এরিক মোর্লে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শুরু করেন। বিকিনি প্রতিযোগিতার বিপরীতে মেধা, দেহ সৌষ্ঠ্যবের এই প্রতিযোগিতাটি ক্রমেই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠে। সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত অর্থ আয়োজকরা ব্যয় করেন হতভাগ্য শিশুদের কল্যাণে।
১৯৫১ সালে যুক্তরাজ্যের এরিক মোর্লে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শুরু করেন। প্রথম ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব জেতেন সুইডেনের কিকি হ্যাকানসন। ১৯৯৪ ও ২০০০ সালে যথাক্রমে ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ভারতের ঐশ্বরিয়া রাই ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৫ সালে স্পেনের মিরেইয়া লালাগুনা রোয়োর ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন। সর্বশেষ ২০১৬ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হন পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

