Don't Miss
Home / আজকের সংবাদ / সীমান্ত হত্যা ৭৫% কমেছে, গ্রেপ্তার বেড়েছে ৭০০%: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সীমান্ত হত্যা ৭৫% কমেছে, গ্রেপ্তার বেড়েছে ৭০০%: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এমএনএ প্রতিবেদক

গত বছরের তুলনায় দেশের সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জব্দের হার ৪০ শতাংশ বেড়েছে।

তিনি আরও জানান, জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল—ডিজেল, অকটেন ও পেট্রোল—পাচার রোধ করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ জোরদারের ফলে এ খাতে ২৫ শতাংশ উন্নতি হয়েছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, ২৬ এপ্রিল দেশে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। এতে ঘাটতি দাঁড়ায় ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওইদিন সর্বোচ্চ তিন ঘণ্টা লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ২৮ এপ্রিল কেন্দ্রটির প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং উদ্বোধন করা হবে। ফুয়েল লোডিং শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। পরবর্তীতে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষের দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় দুই কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। অন্যান্য জ্বালানি তেলেও পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি জানান।

x

Check Also

ন্যায়বিচার ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক রাজধানীর শাহবাগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ...