এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ
Posted by: News Desk
February 7, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৪ মে শুরু হয়ে শেষ হবে ২৩ মে।
আজ বুধবার শিক্ষা বোর্ডের প্রস্তাবিত পরীক্ষার সময়সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে তা চূড়ান্ত করা হয়।
গত বছরের তুলনায় এবার পরীক্ষায় দুই দিন সময় কমিয়ে আনা হয়েছে। এবার তত্ত্বীয় পরীক্ষা ৪২ দিনে শেষ হবে। ২০১৬ সালে ৬৮ দিন তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষার গ্যাপ কমানোর কথা বলে আসছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে সৃজনশীল রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। এমসিকিউ এবং সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে সূচিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার কম্পিউটার বিষয়ে আলাদাভাবে পরীক্ষার আয়োজন হবে। আইসিটি বিষয়ের মধ্যে কম্পিউটার বিষয়টি আন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে প্রতি বছর এইচএসসি পরীক্ষা মোট ৪৪ দিন ধরে আয়োজিত হলেও এবার ৪২ দিন পর্যন্ত চলবে।
সারা দেশে মোট ৫৮টি কেন্দ্র এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় গত বছরের চাইতে এবার ছয়টি কেন্দ্র কমানো হয়েছে। ঢাকায় অবস্থিত বাতিল কেন্দ্রগুলো হলো- ড. শহীদুল্লাহ কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, ধানমন্ডির নিউ মডেল কলেজ, ঢাকা ক্যান্ট. গালর্স কলেজ, আবতাব নগরের ইমপেরিয়াল কলেজসহ আরো একটি কলেজ।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, চলতি বছর শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার রুটিন তৈরি হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলে তা প্রকাশ করা হবে।
তিনি বলেন, প্রতি বছর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার সেদিন স্টার সানডে হওয়ায় পরীক্ষার রুটিন একদিন পিছিয়ে তৈরি করা হয়েছে।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।
কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।
এইচএসসি পরীক্ষার প্রকাশ সমমান সময়সূচি 2018-02-07