Don't Miss
Home / আজকের সংবাদ / তামিলনাডুতে সরকার গঠন নিয়ে রাজ্যপালের অবস্থানে অসন্তোষ অভিনেতা বিজয়ের দল, পদত্যাগের হুমকি

তামিলনাডুতে সরকার গঠন নিয়ে রাজ্যপালের অবস্থানে অসন্তোষ অভিনেতা বিজয়ের দল, পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তামিল অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিল ভেট্টরি কাঝাগাম (টিভিকে) সতর্ক করে জানিয়েছে, যদি দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে) অথবা অল ইন্ডিয়অ আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) সরকার গঠনের দাবি জানায়, তাহলে টিভিকের সব বিধায়ক পদত্যাগ করবেন।

দলীয় সূত্রের দাবি, ডিএমকে ও এআইএডিএমকের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে টিভিকে। তাদের আশঙ্কা, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দ্রাবিড় দল এক হয়ে সরকার গঠনের চেষ্টা করছে, যাতে সর্বাধিক আসন পাওয়া টিভিকেকে ক্ষমতার বাইরে রাখা যায়।

বিধানসভা নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে এবং দলটি দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ তাদেরই পাওয়া উচিত। তবে রাজ্যপাল আর.ভি. আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানানোর অনুমতি দেননি। তার বক্তব্য, টিভিকের কাছে এখনো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো যথেষ্ট সমর্থন নেই।

সূত্র জানায়, টানা দ্বিতীয় দিনের বৈঠকেও গভর্নর স্পষ্ট করে দিয়েছেন যে সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো নিশ্চিত হয়নি।

বর্তমানে টিভিকের আসন সংখ্যা ১০৮। সরকার গঠনের জন্য প্রয়োজন আরও ১০টি আসন। ইতোমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সমর্থন দিয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও ছোট কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে।

অন্যদিকে ডিএমকে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার গঠন করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ না দেওয়া। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দলটি তাদের সব বিধায়ককে ১০ মে পর্যন্ত চেন্নাইয়ে অবস্থান করতে নির্দেশ দিয়েছে।

এদিকে এআইএডিএমকে নেতা ইডাপ্পাডি কে. পালানী স্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়েও ডিএমকের ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে। ডিএমকের একাংশের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি কিংবদন্তি নেতা এম.জি. রামাচন্দ্রানের মতো জনপ্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে তাদের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তবে ডিএমকের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এখনো এমন জোটের বিষয়ে পুরোপুরি একমত নন। তাদের মতে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দলের একসঙ্গে আসা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

গভর্নরের অবস্থান নিয়ে টিভিকের সম্ভাব্য মিত্ররাও অসন্তোষ প্রকাশ করেছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়অ বলেছে, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত এবং শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি অযৌক্তিক। আরেকটি আঞ্চলিক দলের নেতাও একই মত প্রকাশ করে বলেন, সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় প্রমাণ করতে হয়, রাজভবনে নয়।

এমনকি ডিএমকেও গভর্নরের সিদ্ধান্তকে জনমতের প্রতি অসম্মান বলে মন্তব্য করেছে।

২৩৪ সদস্যের তামিলনাডু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এবারের নির্বাচনে কোনো দলই সেই সংখ্যা অর্জন করতে পারেনি। টিভিকে পেয়েছে ১০৮টি আসন, ডিএমকে ৭৩টি, এআইএডিএমকে ৫২টি এবং অন্যান্যরা পেয়েছে একটি আসন।

x

Check Also

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ দৃঢ় অবস্থানে, মোমিনুলও সেঞ্চুরির পথে

খেলাধুলা প্রতিবেদক পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দারুণ এক ইনিংস খেললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। চাপের ...