Don't Miss
Home / আজকের সংবাদ / নতুন জোট হবে, এটাই রাজনীতির নিয়ম : কাদের

নতুন জোট হবে, এটাই রাজনীতির নিয়ম : কাদের

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে শত ফুল ফুটছে। নতুন জোট হবে, নতুন মেরুকরণ হবে। এটাই তো রাজনীতির নিয়ম।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন মেরুকরণকে স্বাগত জানাবে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোবহানবাগে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

গতকাল বুধবার রাতে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ অন্য নেতাদের বৈঠকের বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে নতুন নতুন জোট তৈরি হবে, এটাই স্বাভাবিক। এটাই রাজনীতির সৌন্দর্য। নির্বাচনের আগে গ্রুপিং হবে, নতুন নতুন জোট তৈরি হবে। এটা একটা ভালো দিক। শেষ পর্যন্ত এই মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আদর্শগত বিষয়টা মুখ্য নয়। নির্বাচন হলো কৌশলগত ব্যাপার। এখানে আদর্শগতভাবে জোট না হয়ে কৌশলগত, সময়ের প্রয়োজনে নির্বাচনে জেতার জন্য জোট হয়। তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছেন না। জোট করছে। অসুবিধা কি? তবে এ জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, না দাঁড়ায় দেখতে হবে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

তাহলে এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে কেন বাধা দেওয়া হলো, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর আগের বিষয়টি দলের কেন্দ্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। কোনো অতি উৎসাহী সেটা করে থাকতে পারে।

আজ সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তারা শিগগিরই মহাজোট ছাড়বেন—এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন মহাজোট নেই। এখন এটা ঐকমত্যের সরকার। এ সরকারের তাঁদের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। এরশাদ সাহেব নিজেতো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে পতাকাবাহী গাড়িতে যাচ্ছেন। তাঁরা সরকারে স্বেচ্ছায় এসেছেন। এখন যদি তাঁরা বের হয়ে যেতে চান, আমরা বাধা দিব না। আর আওয়ামী লীগ এখন এমন কোনো সংকটে নেই। যে তারা চলে গেলে আকাশ ভেঙে পড়বে। আমরা জনগণের মহাজোটে বেশি বিশ্বাসী। তবে আমার মনে হয় না, তাঁরা চলে যাবেন। তাঁদের কথায় এমন কোনো ইঙ্গিত নেই।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...