Don't Miss
Home / আইন আদালত / নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আদালত প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) এবং সংশ্লিষ্ট আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি এ বিষয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন। আগামী ১৪ জুন থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মামলার শুনানি পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নিম্ন আদালত থেকে মৃত্যুদণ্ডের রায় হলে আইন অনুযায়ী তা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ ধরনের মামলাগুলো ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের আপিলও হাইকোর্টে বিচারাধীন থাকে।

এর আগে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির কাছে এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করে বিশেষ বেঞ্চ গঠনের আশ্বাস দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার বিশেষ বেঞ্চ গঠন করা হলো।

আইন সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ বেঞ্চ গঠনের ফলে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি দ্রুত হবে। এতে ভুক্তভোগী পরিবারগুলো যেমন দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাবে, তেমনি আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও কমবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...