Don't Miss
Home / আন্তর্জাতিক / শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আলোচনায় বসতে আগ্রহী ইরান

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আলোচনায় বসতে আগ্রহী ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ পরিস্থিতি প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এ ক্ষেত্রে শর্ত হিসেবে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত উস্কানিমূলক বক্তব্য ও হুমকি’ বন্ধ করতে হবে বলে জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আঞ্চলিক এক বৈঠকে এই অবস্থান তুলে ধরেন। ওই বৈঠকে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে আরাগচি বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। তবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার হামলা চালায়, তাহলে তার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দ্বিপক্ষীয় মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করতেই ইরান আগ্রহী এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পুনরায় আলোচনায় বসতে চায়।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিন সংঘর্ষ চলার পর গত ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসেন। প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

দ্বিতীয় দফা আলোচনার ভিত্তি হিসেবে সম্প্রতি তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। পরে পাকিস্তানের মাধ্যমে নতুন একটি প্রস্তাবও ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে, যদিও সেই প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

x

Check Also

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হয়ে আইআরজিসি’র ১৪ জন নিহত, ২ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজান-এ অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা হঠাৎ বিস্ফোরিত ...