এমএনএ রিপোর্ট : আইনজীবীদের সবচেয়ে মর্যাদাশীল সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। অপরদিকে, সরকার সমর্থিত সাদা প্যানেল জয় পেয়েছে ছয়টি পদে। সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী মো. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জয়ী হয়েছেন।
গত বছরের নির্বাচনে সমিতির ১৪টি পদের মধ্যে আটটিতে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। আর সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছিলেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা।
এবারের নির্বাচনে জয়নুল আবেদীন ১ হাজার ৯২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট।
সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী রবিউল আলম পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি উম্মে কুলসুম বেগম রেখা (নীল প্যানেল), সহ-সভাপতি মো. অজিউল্লাহ (সাদা প্যানেল), কোষাধক্ষ্য মো. রফিকুল ইসলাম হিরু (সাদা প্যানেল), সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি (নীল প্যানেল), সহ-সম্পাদক শফিকুল ইসলাম (সাদা প্যানেল) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে মো হাবিবুর রহমান হাবির (সাদা প্যানেল), শেখ তাহসিন আলী (নীল প্যানেল), মো. মোসাব্বির হাসান ভুইয়া (নীল প্যানেল), আয়েশা আক্তার (নীল প্যানেল), এ বিএম নূরে আলম উজ্জল (সাদা প্যানেল), মৌসুমী আক্তার (নীল প্যানেল) ও কুমার দেবুল দে (সাদা প্যানেল) নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২২ ও ২৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ বর্ষের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী নির্বাচনে ৫ হাজার ৮১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। আজ শুক্রবার সকালে নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে মো. ওয়াজি উল্লাহ, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ও সহসম্পাদক পদে শফিকুল ইসলাম জয়ী হয়েছেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ তাঁদের সমর্থন দিয়েছিল।
অন্যদিকে সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম ও সহসম্পাদক পদে শামিমা সুলতানা জয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত জোটপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তাঁদের সমর্থন দিয়েছিল।
সমিতির কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে তিনটি পেয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বাকি চারটি পেয়েছেন বিএনপি-জামায়াত জোটপন্থী আইনজীবীরা।
গত কয়েক বছর সমিতির নির্বাচনের প্রচারের যে ধারা ছিল, এবার তার পরিবর্তন দেখা যায়। আগের নির্বাচনগুলোয় নীল ও সাদা প্যানেল সামনে রেখে প্রার্থীরা প্রচার চালাতেন। এবার তেমন কিছু দেখা যায়নি।
এ ব্যাপারে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মসিউজ্জামান জানান, সমিতির বিধিমালা অনুসারে রাজনৈতিক প্যানেল নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাই এবার প্রার্থীরা কোনো প্যানেলে প্রচার চালাননি।
দৃশ্যত, কোনো প্যানেলের উপস্থিতি দেখা না গেলেও প্রতিবারের মতো এবারও নির্বাচনে সরকার-সমর্থক ও বিএনপি-জামায়াত জোটের সমর্থকদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এবারের নির্বাচনে একদিকে সভাপতি পদে আইনজীবী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) তাঁদের সমর্থন দেয়।
অন্যদিকে, সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নেন। বিএনপি-জামায়াত জোটপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল হিসেবে পরিচিত) তাঁদের সমর্থন দেয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির পদ মোট ১৪টি। নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ছাড়াও স্বতন্ত্র দুইজন প্রার্থীসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

