Don't Miss
Home / অর্থনীতি / জ্বালানি সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সংসদ প্রতিবেদক

বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তিনি বিরোধী দলের কাছে পাঁচজন সদস্যের নাম দ্রুত দেওয়ার আহ্বান জানান। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে জানান, তাঁরা শিগগিরই নিজেদের সদস্যদের নাম জমা দেবেন।

এর আগে বুধবার জাতীয় সংসদে ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ বিষয়ে একটি নোটিশ উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা। ওই আলোচনায় তিনি জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘কমন কমিটি’ গঠনের প্রস্তাব দেন। তখনই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিরোধী দলের প্রস্তাব বাস্তবসম্মত হলে তা বিবেচনায় নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালের আলোচনায় সবাই একমত হয়েছেন যে জ্বালানি সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। বিরোধীদলীয় নেতা কিছু পরামর্শ দিয়েছেন। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বসে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মানুষের স্বার্থে যেকোনো আলোচনা করতে প্রস্তুত। সে কারণেই আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলও পাঁচজনের নাম দিলে ১০ সদস্যের এই কমিটি বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে। কমিটির সুপারিশে বাস্তবতা থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে।’

সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত পাঁচ সদস্য হলেন—  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪);মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২); ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর-৩)।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নাম দেওয়া হলে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।

জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা আশা করি জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। আমরা মনে করি, এটি এ সংসদের একটি নতুন যাত্রা। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই এবং দ্রুত সদস্যদের নাম দেব।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। এ সময় প্রধানমন্ত্রী প্রস্তাব করেন, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কমিটির সভাপতি করা হোক, যাতে কমিটির সুপারিশ বাস্তবায়নের পথ সহজ হয়।

স্পিকার বলেন, ‘আশা করি, অল্প সময়ের মধ্যেই বিরোধী দল তাদের সদস্যদের নাম দেবে। আপনাদের এই উদ্যোগে জনগণের মনে আশার সঞ্চার হয়েছে। সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে এগোলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’

x

Check Also

ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, ২৬ এপ্রিলের পর বাড়বে বৃষ্টি; ভোগান্তিতে ফুটপাতের ব্যবসায়ী, ভাসমান মানুষ

এমএনএ প্রতিবেদক ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া ...